ফেসবুক বুস্টিং কী? কেনো করবেন, সুবিধা ও প্রস্তুতি
বর্তমানে ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যবসা প্রচারেরও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ছোট ব্যবসা থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান পর্যন্ত বিভিন্ন ধরনের ব্যবসা তাদের পণ্য ও সেবা প্রচারের জন্য ফেসবুক ব্যবহার করছে। এর মধ্যে ফেসবুক বুস্টিং হলো এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে টাকা খরচ করে একটি ফেসবুক পোস্টকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।
তবে শুধু পোস্ট বুস্ট করলেই যে বিক্রি বা নতুন কাস্টমার পাওয়া যাবে, এমন নয়। সঠিক অডিয়েন্সকে বিজ্ঞাপন দেখানো, ভালো ছবি বা ভিডিও ব্যবহার করা, উপযুক্ত অফার দেওয়া এবং বিজ্ঞাপনের রেজাল্ট বিশ্লেষণ করাও গুরুত্বপূর্ণ।
এই গাইডে ফেসবুক বুস্টিং কী, কীভাবে কাজ করে, এর সুবিধা কী এবং বুস্টিং করার সময় কোন বিষয়গুলো মনে রাখা উচিত, তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
Table of Contents
ফেসবুক বুস্টিং কী?
ফেসবুক বুস্টিং হলো ডলার খরচ করে কোনো নির্দিষ্ট ফেসবুক পোস্টকে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি পদ্ধতি।
সাধারণভাবে একটি ফেসবুক পেজের পোস্ট সীমিত সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারে। কিন্তু পোস্ট বুস্ট করলে সেটি নির্দিষ্ট এলাকা, বয়স বা আগ্রহের মানুষের কাছে আরও বেশি দেখানোর সুযোগ তৈরি হয়।
ধরুন, আপনি একটি পোশাকের ব্যবসা করেন এবং নতুন একটি শার্টের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। পোস্টটি বুস্ট করার মাধ্যমে আপনার সম্ভাব্য কাস্টমারদের কাছে সেটি আরও বেশি দেখানো যেতে পারে।
তবে বুস্ট করা মানেই শুধু নতুন মানুষের কাছে পোস্ট দেখানো নয়। আপনার নির্ধারিত গোল এবং অডিয়েন্সের ওপর ভিত্তি করে ফেসবুক বিজ্ঞাপনটি বিভিন্ন মানুষের কাছে দেখাতে পারে।
কেন ফেসবুক বুস্টিং করবেন?
শুধু ফেসবুক পেজ খুলে নিয়মিত পোস্ট করলেই সব সময় পর্যাপ্ত মানুষের কাছে পৌঁছানো যায় না। কারণ প্রতিটি পোস্ট পেজের সব ফলোয়ারের কাছেও পৌঁছায় না।
এই কারণে ব্যবসার গুরুত্বপূর্ণ পোস্ট, নতুন পণ্য, বিশেষ অফার বা কোনো নির্দিষ্ট প্রচারণা বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ফেসবুক বুস্টিং ব্যবহার করা হয়।
তবে বুস্টিংয়ের উদ্দেশ্য শুধু বেশি মানুষের কাছে পোস্ট পৌঁছানো নয়। ব্যবসার ধরন অনুযায়ী এর মাধ্যমে পোস্টে এনগেজমেন্ট, কাস্টমারের মেসেজ, ওয়েবসাইটে ট্রাফিক, লিড অথবা সরাসরি সেলস বাড়ানোর চেষ্টা করা যায়।
ফেসবুক বুস্টিংয়ের প্রধান সুবিধা
নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছানো
ফেসবুক বুস্টিংয়ের মাধ্যমে নির্দিষ্ট এলাকা, বয়স, লিঙ্গ এবং মানুষের আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো যায়। ফলে আপনার পণ্য বা সেবার সম্ভাব্য কাস্টমারদের কাছে পৌঁছানোর সুযোগ বাড়ে।
ছোট বাজেট দিয়ে শুরু করা যায়
ফেসবুক বুস্টিংয়ের জন্য শুরুতেই অনেক টাকা খরচ করার প্রয়োজন নেই। ছোট বাজেট দিয়ে একটি পোস্ট টেস্ট করে দেখা যায়। ভালো রেজাল্ট পাওয়া গেলে পরবর্তীতে বাজেট বাড়ানো যেতে পারে।
রেজাল্ট পরিমাপ করা যায়
বুস্ট করা পোস্ট কতজন মানুষ দেখেছে, কতবার দেখা হয়েছে, কতজন পোস্টে এনগেজমেন্ট করেছে এবং কতজন আপনার সঙ্গে যোগাযোগ করেছে, এসব তথ্য ফেসবুক থেকে দেখা যায়।
এর ফলে কোন ধরনের পোস্ট ভালো কাজ করছে এবং কোন ধরনের বিজ্ঞাপনে বেশি রেজাল্ট পাওয়া যাচ্ছে, তা বোঝা সহজ হয়।
নির্দিষ্ট এলাকায় বিজ্ঞাপন দেখানো যায়
আপনার ব্যবসা যদি নির্দিষ্ট কোনো শহর বা এলাকার মানুষের জন্য হয়, তাহলে সেই এলাকার মানুষকে টার্গেট করে বিজ্ঞাপন চালানো যায়।
যেমন, ঢাকায় একটি রেস্টুরেন্ট থাকলে পুরো বাংলাদেশের মানুষের কাছে বিজ্ঞাপন দেখানোর পরিবর্তে নির্দিষ্ট এলাকার মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছানো যেতে পারে।
বিভিন্ন ধরনের কাস্টমারের জন্য আলাদা বিজ্ঞাপন চালানো যায়
সব কাস্টমারের চাহিদা এক নয়। তাই ভিন্ন ধরনের অডিয়েন্সের জন্য আলাদা ছবি, অফার বা বিজ্ঞাপনের মেসেজ ব্যবহার করা যায়।
এতে কোন ধরনের কাস্টমারের কাছে কোন ধরনের বিজ্ঞাপন বেশি ভালো কাজ করছে, তা বোঝা সহজ হয়।
ফেসবুক বুস্টিংয়ের উদ্দেশ্য বা গোল কী?
ফেসবুক বুস্ট করার আগে আপনি কী রেজাল্ট চান, সেটি ঠিক করা গুরুত্বপূর্ণ। কারণ শুধু বেশি মানুষের কাছে পোস্ট পৌঁছানো সব ব্যবসার প্রধান লক্ষ্য নয়।
পোস্টে এনগেজমেন্ট বাড়ানো
কোনো পোস্টে বেশি লাইক, কমেন্ট বা শেয়ার পাওয়ার জন্য বুস্ট করা যেতে পারে। নতুন কোনো পণ্য, কনটেন্ট বা প্রচারণা মানুষের মধ্যে পরিচিত করতে এটি ব্যবহার করা যায়।
কাস্টমারের মেসেজ পাওয়া
যেসব ব্যবসায় কাস্টমার সরাসরি Messenger-এর মাধ্যমে যোগাযোগ করে, তারা মেসেজ পাওয়ার উদ্দেশ্যে বিজ্ঞাপন চালাতে পারে।
যেমন, কোনো পণ্যের দাম, সাইজ, ডেলিভারি বা অর্ডারের তথ্য জানতে কাস্টমার যেন সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে।
ওয়েবসাইটে ট্রাফিক আনা
আপনার ব্যবসার ওয়েবসাইট থাকলে সেখানে ভিজিটর আনার জন্য ফেসবুক বিজ্ঞাপন ব্যবহার করা যায়। কাস্টমারকে সরাসরি কোনো পণ্যের পেজ, অফার পেজ বা অন্য কোনো নির্দিষ্ট পেজে পাঠানো সম্ভব।
লিড সংগ্রহ করা
কিছু ব্যবসায় সরাসরি সেলসের পরিবর্তে লিড সংগ্রহ করা বেশি গুরুত্বপূর্ণ। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, ট্রাভেল ব্যবসা, রিয়েল এস্টেট বা বিভিন্ন সার্ভিস ব্যবসা সম্ভাব্য কাস্টমারের নাম, ফোন নম্বর বা অন্যান্য তথ্য সংগ্রহের জন্য বিজ্ঞাপন ব্যবহার করতে পারে।
সেলস বা কনভার্সন বাড়ানো
অনলাইনে পণ্য বিক্রয়ের ব্যবস্থা থাকলে সরাসরি সেলস বা কনভার্সন বাড়ানোর লক্ষ্যেও বিজ্ঞাপন চালানো যায়। এ ক্ষেত্রে শুধু কতজন মানুষ বিজ্ঞাপন দেখেছে তা নয়, বিজ্ঞাপন দেখে কতজন শেষ পর্যন্ত পণ্য কিনেছে সেটিও গুরুত্বপূর্ণ।
ফেসবুক বুস্ট করার আগে কী কী প্রস্তুতি নেবেন?
বুস্ট করার আগে পোস্টের ছবি বা ভিডিও, পণ্যের তথ্য এবং কাস্টমারকে কী করতে হবে, এসব বিষয় পরিষ্কারভাবে প্রস্তুত করে নেওয়া উচিত। একই সঙ্গে কাদের কাছে বিজ্ঞাপন দেখাবেন এবং কত টাকা খরচ করবেন, সেটিও আগে ঠিক করে নিতে হবে।
- পণ্যের ছবি বা ভিডিও পরিষ্কার ও আকর্ষণীয় রাখা
- পণ্যের দাম ও অফার স্পষ্টভাবে দেওয়া
- অর্ডার করার জন্য পরিষ্কার কল টু অ্যাকশন রাখা
- সঠিক অডিয়েন্স নির্বাচন করা
- বাজেট ও বিজ্ঞাপনের সময় নির্ধারণ করা
শুরুতেই বেশি টাকা খরচ না করে ছোট বাজেটে বিজ্ঞাপন টেস্ট করুন। রেজাল্ট ভালো হলে ধীরে ধীরে বাজেট বাড়ানো যেতে পারে।
ফেসবুক বুস্টিংয়ে যে ভুলগুলো এড়ানো উচিত
প্রতিটি পোস্ট বুস্ট করার দরকার নেই। ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ এবং নির্দিষ্ট গোল পূরণ করতে পারে এমন পোস্ট বেছে নিয়ে বিজ্ঞাপন দেওয়া উচিত। একই সঙ্গে বিজ্ঞাপনের রেজাল্ট শুধু লাইক বা রিচ দিয়ে বিচার না করে ব্যবসার আসল লক্ষ্য অনুযায়ী মূল্যায়ন করতে হবে।
- প্রতিটি পোস্ট না বুঝে বুস্ট করা
- একই ছবি বা ভিডিও দীর্ঘ সময় ধরে ব্যবহার করা
- বিভিন্ন হেডলাইন ও অফার টেস্ট না করা
- কম লাভের পণ্য দিয়ে বিজ্ঞাপন চালানো
- বিজ্ঞাপনের খরচ বাদ দিয়ে আসল লাভ হিসাব না কর
তাই বিজ্ঞাপন চালানোর আগে পণ্যের লাভের পরিমাণ, কাস্টমারের চাহিদা এবং বিজ্ঞাপনের উদ্দেশ্য পরিষ্কারভাবে নির্ধারণ করুন। নিয়মিত রেজাল্ট বিশ্লেষণ করে ভালো কাজ করা বিজ্ঞাপনগুলোতে বাজেট বাড়ানোই বেশি কার্যকর।
ফেসবুক বুস্টিং কি সব ব্যবসার জন্য উপযুক্ত?
ফেসবুক বুস্টিং সব ধরনের ব্যবসার জন্য কার্যকর হতে পারে। বিশেষ করে যেসব পণ্য অনলাইনে সহজে দেখানো যায় এবং কাস্টমার ফেসবুক বা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারে, সেসব ব্যবসায় এটি ভালোভাবে ব্যবহার করা যায়।
যেমন পোশাক, কসমেটিকস, খাবার, বেবি পণ্য, পোষা প্রাণীর পণ্য, ইসলামিক পণ্য এবং বিভিন্ন অনলাইন সার্ভিসের ক্ষেত্রে ফেসবুক বিজ্ঞাপন ব্যবহার করা যেতে পারে।
এছাড়া ব্যবসায় ও প্রডাক্টের ব্রান্ডিং করার জন্য অনেক অফলাইন ব্যবসায়েও বুস্টিং করা প্রয়োজন।
কোনো পণ্যের লাভের পরিমাণ খুব কম হয়, তাহলে বিজ্ঞাপনের খরচ বাদ দেওয়ার পর পর্যাপ্ত লাভ নাও থাকতে পারে। তাই বুস্ট করার আগে একটি পণ্য বিক্রি করে আসলে কত টাকা লাভ থাকবে, সেটি হিসাব করা জরুরি।
শেষ কথা
ফেসবুক বুস্টিং শুধু একটি পোস্টকে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পদ্ধতি নয়। সঠিকভাবে ব্যবহার করলে এটি একটি ব্যবসার পণ্য বা সেবা সম্ভাব্য কাস্টমারদের সামনে তুলে ধরার কার্যকর মাধ্যম হতে পারে।
তবে সফল বুস্টিংয়ের জন্য শুধু টাকা খরচ করলেই হবে না। সঠিক অডিয়েন্স, ভালো ছবি বা ভিডিও, পরিষ্কার অফার, উপযুক্ত গোল এবং বিজ্ঞাপনের রেজাল্ট বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ।
তাই শুরুতেই বড় বাজেট খরচ না করে ছোট পরিসরে বিজ্ঞাপন টেস্ট করুন। কোন বিজ্ঞাপন ভালো রেজাল্ট দিচ্ছে তা বুঝে ধীরে ধীরে বাজেট বাড়ান। সঠিক পরিকল্পনা এবং নিয়মিত বিশ্লেষণের মাধ্যমে ফেসবুক বুস্টিংকে আপনার ব্যবসার নিয়মিত সেলস ও কাস্টমার আনার একটি কার্যকর মার্কেটিং চ্যানেল হিসেবে ব্যবহার করা সম্ভব।
